সাদাকালো রঙমাখা

চেতনা অগ্নিশুদ্ধ, সংগ্রামে উদ্বুদ্ধ

— — শ্রী পার্থসারথি চট্টোপাধ্যায়

 

ভাষা চেতনার চিন্তানায়ক
মুক্তি পথিকৃৎ সে
পূর্ববঙ্গে গড়েছে মহান
আন্দোলনের ভিত সে।

করাচির গণপরিষদে তাঁর
ঘোষণা কন্ঠে দৃপ্ত
করা গেল না এ বীরত্বগাথা
ইতিহাসে সংক্ষিপ্ত।

ফাল্গুন দিল ঢাকা রাজপথে
রক্তে খুনের দোল যে
ভাঙা রাইফেল ভোঁতা বেয়নেট
ছিঁড়ে নিতে চায় কলজে।

দাসত্বে নয়, গণসংগ্রামে
বাজে সে বিজয়তূর্য
কৃষ্ণচূড়ার আকাশ এখানে
জ্বালে মুক্তির সূর্য।

পাহাড় টলানো তুফানে বীরেরা
স্রোতের ঘূর্ণি আনলো
কালো আকাশের বন্ধ কপাটে
বিদ্যুৎশেল হানল।

আজও হানাদার, নেকড়েবাহিনী
আক্রোশে মদমত্ত
তোমারই রক্তে গর্জে ওঠে যে
ধীরেন্দ্রনাথ দত্ত।

 

(লেখক পরিচিতি – মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক। জাতীয়তাবাদী কবি ও প্রাবন্ধিক। প্রকাশিত গ্রন্থ : রাত বারোটার সূর্য (কাব্যগ্রন্থ), প্রকাশ্য আড়াল ( কবিতা বিষয়ক প্রবন্ধগ্রন্থ ), লিমেরিক ৫০ (ননসেন্স ভার্স), এবং ‘বাঙালি হিন্দুর ধূসর ভবিষ্যৎ’ (নিবন্ধগ্রন্থ)।)