– শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায়
কেন গয়না খুঁজিস দিগম্বরী
এলোচুল করে শ্মশানে ওই
রাঙা জবা তোর গলায় কে দিল
এত বিভূষণ, বসন কই ?
এত সাজ কেন লাজ ভুলে তোর
আলতা পরালো কে তোর পায়
অন্ধ পথের বনে বনে কে গো
স্বর্ণ-নূপুর বাজিয়ে যায়।
ভবসংসার সকলই অসার
উদাস নয়নে পড়ে যে রই।
নেচে নেচে তুই ফিরিস মা শ্যামা
স্বামীর বুকেও পা তুলে দিস
হাতে খাঁড়া লয়ে ভেংচি কেটে মা
ছাই মেখে কেন ছল ছলিস?
রণরঙ্গিনী রূপে মা ভোলাস
মায়াপাশ কেটে যত এগোই।
আমি তোরে খুঁজি, না তুই আমায়
এ কী খেলা তোর, বুঝিনে মা
কেন ধাঁধা দিস, কেন যে কাঁদিস
কেন হাসি তোর বলে দে মা।
তোরই বিভ্রমে আমি কেন মরি
তেমন পাগল আমি তো নই।
(লেখক পরিচিতি – মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক। জাতীয়তাবাদী কবি ও প্রাবন্ধিক। প্রকাশিত গ্রন্থ : রাত বারোটার সূর্য (কাব্যগ্রন্থ), প্রকাশ্য আড়াল ( কবিতা বিষয়ক প্রবন্ধগ্রন্থ ), লিমেরিক ৫০ (ননসেন্স ভার্স), এবং ‘বাঙালি হিন্দুর ধূসর ভবিষ্যৎ’ (নিবন্ধগ্রন্থ)।)


